মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শাহাদাত শ্যামসিদ্ধি এলাকার শামসুল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মত্তগ্রাম সড়কের ওপর এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে রাতের বেলা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। এরপর তাকে গণপিটুনি দেওয়া হলে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর শাহাদাতের হাত-পা বাঁধা মরদেহ সড়কের ওপর পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

