কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরী ও নিহতের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে। অভিযুক্ত নাঈমা জাহান (১৫) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের রবিউল মৃধার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর ধরে সিয়াম ও নাঈমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার সময় নাঈমা সিয়ামের বাড়িতে অবস্থান করছিলেন। ভোরে তাদের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে নাঈমা ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) সামছুল আরেফিন জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত কিশোরী এবং নিহতের এক বন্ধুকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

