জয়পুরহাটে এক শিশুকে ধর্ষণের দায়ে সেরাতুল মুসতাকিন ওরফে রনি (২৬) নামে এক সাবেক সেনা সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক Abdur Rahman এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী Rinat Ferdousi Rini।
দণ্ডপ্রাপ্ত সেরাতুল মুসতাকিন রনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের তেমারিয়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৪ জুন বিকেলে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে লজেন্স দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে রনি। ঘটনার পর বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়।
পরদিন শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করলে অভিযুক্তের পরিবার অর্থের বিনিময়ে আপসের চেষ্টা করে। পাশাপাশি ভুয়া কাবিননামা তৈরি করে বিয়ের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণের অভিযোগও ওঠে।
পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ২০২২ সালের ৫ আগস্ট আদালতের নির্দেশে ভুক্তভোগীর মা থানায় মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ ও আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের রায় দেন।

