সারা দেশের মতো টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতেও ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় তিনি ধনবাড়ী সরকারি কলেজ কেন্দ্রসহ উপজেলার অন্যান্য পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের উপস্থিতি, আসন বিন্যাস, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের কার্যক্রম, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক শৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ইউএনও কেন্দ্রসচিব, দায়িত্বরত শিক্ষক, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষা বোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ, পরীক্ষার্থীদের জন্য নির্বিঘ্ন ও অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থান বজায় রাখার নির্দেশনা দেন।
কেন্দ্র সূত্রে জানা গেছে, ধনবাড়ী সরকারি কলেজ কেন্দ্রের অধীনে উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৩৮ জন পরীক্ষার্থী এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রথম দিনের পরীক্ষায় অধিকাংশ পরীক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয় এবং সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরিদর্শন শেষে ইউএনও নূরজাহান আক্তার সাথী বলেন, পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের হয়রানি, ভোগান্তি বা প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে ধানবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল হাসান জানান, পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্র নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেকোনো ধরনের অনিয়ম বা অসদুপায় অবলম্বনের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।

