চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে আজ (শনিবার, ৪ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করেছে। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের স্মৃতি সংরক্ষণ এবং গণআন্দোলনের তাৎপর্য তুলে ধরার বিভিন্ন কর্মসূচি রয়েছে।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচির শেষ দিন আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। এর আগে আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে বলে জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

