বিশ্বকাপের শেষ ষোলোতে আগামী রোববার মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটি ঘিরে প্রকাশিত অপ্টার সুপার কম্পিউটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে অপ্টার বিশ্লেষণে দেখা গেছে, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ, নরওয়ের ২২.৪ শতাংশ এবং ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনাও ব্রাজিলের পক্ষেই বেশি। সেলেসাওদের শেষ আটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৬৫.৬ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৪.৫ শতাংশ। এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মেক্সিকো অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে।
শেষ ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। কাইশু সানোর গোলে পিছিয়ে পড়ার পর কাসেমিরোর সমতাসূচক গোল এবং ম্যাচের শেষ মুহূর্তে ব্রুনো গিমারায়েসের অ্যাসিস্ট থেকে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চলতি আসরে গিমারায়েসের অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে চার, যা ১৯৬৬ সালের পর এক বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এ ক্ষেত্রে তার ওপরে রয়েছেন কিংবদন্তি পেলে, যিনি ১৯৭০ সালের বিশ্বকাপে করেছিলেন ছয়টি অ্যাসিস্ট।
অন্যদিকে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে এসেছে নরওয়ে। ম্যাচের ৮৬তম মিনিটে আর্লিং হালান্ডের জয়সূচক গোল দলটিকে বিশ্বকাপের নকআউট পর্বে ইতিহাসের প্রথম জয় এনে দেয়। এর আগে ১৯৩৮ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে নকআউট পর্বে খেললেও দুইবারই ইতালির কাছে হেরে বিদায় নিয়েছিল নরওয়ে।
বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের অতীত রেকর্ডও তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। এই পর্বে নিজেদের সর্বশেষ ১০ ম্যাচের ৯টিতেই জয় পেয়েছে সেলেসাওরা। শেষ ষোলো থেকে তাদের সর্বশেষ বিদায় ১৯৯০ সালের বিশ্বকাপে, যখন আর্জেন্টিনার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল ব্রাজিল।

