“কৃষি বাঁচলে বাঁচবে দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিফ-২/২০২৬-২৭ মৌসুমে মরিচ, গ্রীষ্মকালীন সবজি ও রোপা আমন (উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকাল ১১টায় ধনবাড়ী উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস নূরজাহান আক্তার সাথী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস. এম. এ. ছোবহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপন।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যে রাকিব হাসান, দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধনবাড়ী, টাঙ্গাইল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়া আক্তার।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১,৬০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া আরও ৫০ জন কৃষকের প্রত্যেককে ১০ গ্রাম মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে সরকারের এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

