প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, চলতি জুলাই মাসের শেষদিকে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হতে পারে। তিনি জানান, এ বছরের অক্টোবর থেকেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে রোডম্যাপ প্রস্তুতের কাজ শুরু করেছে।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, জুলাই জাদুঘর আগামী ৫ আগস্টের আগেই উদ্বোধন করা হবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বর্তমান সরকার জুলাইয়ের সরকার হওয়ায় জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি কোনোভাবেই কাম্য নয়।
সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুলাই নিয়ে কটূক্তির প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত হলেও বর্তমান আইনি কাঠামো অনুযায়ী তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয় না। তবে এ বিষয়ে আইনগত দৃষ্টিকোণ থেকে ভবিষ্যতে আলোচনা হতে পারে।
এ সময় গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের বিষয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণে খাদ্য ব্যবসায়ীদের তথ্যভাণ্ডার তৈরি করা হবে এবং তাদের সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খাদ্য মজুত প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত রয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

