সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
ইশরাক হোসেন বলেন, সাভারে সংঘটিত এ হামলা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি ‘কালো অধ্যায়’। তাঁর ভাষায়, এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক রাজনীতিকে দুর্বল করে এবং এর ধারাবাহিকতা দেশ ও জাতিকে গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক সহিংসতা অব্যাহত থাকলে স্বাধীন বাংলাদেশের স্থিতিশীলতা ও ভবিষ্যৎও হুমকির মুখে পড়তে পারে।
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের হামলা কোনোভাবেই রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হতে পারে না। তাঁর দাবি, যারা অতীতে সহিংসতা, স্বৈরাচার ও গণবিরোধী রাজনীতির সঙ্গে জড়িত ছিল, তারাই এ ধরনের ঘটনার মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে লাভবান হতে পারে।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন আরও বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সহিংসতায় জড়িত অপশক্তি ও তাদের সহযোগীদের দ্রুত নিষ্ক্রিয় করা জরুরি। পাশাপাশি তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

