বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় সাধারণ দর্শকদের সঙ্গে একই সারিতে বসে আর্জেন্টিনার রাউন্ড অব ১৬-এর ম্যাচ উপভোগ করেছেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী। মঙ্গলবার রাতে ধনবাড়ী বাজার এলাকায় আয়োজিত বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচ দেখতে এসে তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। প্রতিহিংসা নয়, খেলার আনন্দই মানুষকে একত্রিত করেছে। এমন মিলনমেলা বারবার হওয়া উচিত।
খেলা চলাকালে তিনি হাজারো ফুটবলপ্রেমীর সঙ্গে বসে ম্যাচ উপভোগ করেন এবং উপস্থিত দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন, ধনবাড়ী শহরের হাজার হাজার তরুণ একসঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এসেছে। এই আনন্দঘন পরিবেশ আমাদের সম্মিলিত শক্তির কথাই স্মরণ করিয়ে দেয়। এখানে কোনো মারামারি, প্রতিহিংসা কিংবা ব্যক্তিস্বার্থের জায়গা নেই; সবাই কেবল খেলার আনন্দ উপভোগ করতে একত্রিত হয়েছে।
তিনি আরও বলেন, এমন ইতিবাচক পরিবেশ সমাজে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুযোগ পেলেই সবাই যেন এভাবেই একত্রিত হতে পারে, সেই মানসিকতা গড়ে তোলা প্রয়োজন।
ইউএনওকে সাধারণ দর্শকদের সঙ্গে বসে খেলা উপভোগ করতে দেখে উপস্থিত ফুটবলপ্রেমীদের আনন্দ আরও বেড়ে যায়। অনেকেই এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং জনসাধারণের সঙ্গে প্রশাসনের এমন সম্পৃক্ততাকে স্বাগত জানান।

