বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দুর্যোগ পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন্যা উপদ্রুত এলাকায় গৃহীত স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যাকবলিত এলাকায় এখন পর্যন্ত সাপের কামড়ে আক্রান্ত ৯৫ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দেশের বিভিন্ন বন্যাকবলিত অঞ্চলে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এসব এলাকায় কলেরায় আক্রান্ত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।
আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সরদার সাখাওয়াত হোসেন বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার জন্য পরবর্তীতে হাসপাতালটি পুনরায় পরিদর্শন করা হবে। এরপর পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

