ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বিকল হয়ে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি পিকআপে নড়াইল এক্সপ্রেসের যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়।
শনিবার (১১ জুলাই) রাত প্রায় ৮টার দিকে উপজেলার সোয়াদি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেস বাসটি সোয়াদি এলাকায় পৌঁছালে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে সজোরে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

