ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম ছাত্রশিবিরের সাংগঠনিক দায়িত্ব থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সংগঠনের নিয়মিত ষান্মাসিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে তার দায়িত্বের সমাপ্তি হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করে সাদিক কায়েম বলেন, ছাত্রশিবিরে প্রতিবছর দুই দফায় সাংগঠনিক পুনর্গঠন করা হয়। ২০২৬ সালের ষান্মাসিক পুনর্গঠনের অংশ হিসেবেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন।
এদিন নিজের ফেসবুক পোস্টে ছাত্রশিবিরকে ‘আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংগঠনের সঙ্গে কাটানো সময় তার জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ অধ্যায়। ছাত্রশিবির তাকে দেশ ও জাতি নিয়ে ভাবতে, নেতৃত্বের গুণাবলি অর্জন করতে এবং আত্মিক বিকাশের পথ খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যৎ পথচলার জন্য সবার দোয়া কামনা করেন।
এর আগে, গত ১ মে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। এরপর ছাত্রশিবির জানায়, সংগঠনের দায়িত্বে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়া তাদের সাংগঠনিক নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
উল্লেখ্য, সাদিক কায়েম ২০১৩ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেন। পরে ২০২৫–২৬ মেয়াদে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

