বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নীতিমালার আলোকে নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকায় কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সুজাউদ্দিন জোয়ার্দারকে। একই সঙ্গে জেলা শাখার নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক।
সোমবার (১৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। জেলা জামায়াতের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) হিসেবে দায়িত্বশীল কোনো সাংগঠনিক পদে থাকতে পারবেন না। এ নীতিমালার আলোকে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারির পদে পরিবর্তন আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এনামুল হককে জেলা শাখার নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সাবেক জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত রুকনরা দায়িত্বশীল পদে থাকতে পারেন না। কেন্দ্রীয় কমিটি সারা দেশের জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে এবং সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি জানান, এ সিদ্ধান্তে তার কোনো ক্ষোভ বা অসন্তোষ নেই। তিনি সংগঠনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তা মেনে নিয়েছেন। সুজাউদ্দিন আরও বলেন, জেলা সেক্রেটারি হওয়ার আগেই তিনি বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। সে সময় গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিধান শিথিল থাকায় দায়িত্ব পালনে কোনো বাধা ছিল না। ভবিষ্যতে চাকরি ছেড়ে দিলে সাংগঠনিক দায়িত্বে ফিরে আসার সুযোগ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
নবনিযুক্ত জেলা সেক্রেটারি এনামুল হক বলেন, জেলা কর্মপরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে এবং সংগঠনের নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে শুধু কুষ্টিয়াতেই নয়, সারা দেশে নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমন সাতজন দায়িত্বশীল নেতাকে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের স্থলে সংশ্লিষ্ট ইউনিটে নতুন দায়িত্বশীলদের নিয়োগ দেওয়া হচ্ছে।

