সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেল, চারটি হায়েস মাইক্রোবাস, একটি ব্যানার ও দলীয় পতাকা জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালায়।
পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রায় ৫০ জন নেতাকর্মী সেখানে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়। একই সঙ্গে তাদের বহনকারী সাতটি মোটরসাইকেল, চারটি হায়েস মাইক্রোবাস, একটি ব্যানার এবং দলীয় পতাকা জব্দ করা হয়।
পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

