চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালন করছেন স্থানীয়রা। ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকা এ কর্মসূচিতে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, ফেনী-চট্টগ্রাম-রামগড়-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং হেয়াকো-গহিরা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা সড়কে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন।
ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ বলেন, উপজেলা সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দীর্ঘদিন ধরে মানববন্ধন, সড়ক অবরোধ, সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন তারা।
দাঁতমারা ইউনিয়ন পরিষদের সদস্য ও ফটিকছড়ি উত্তর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মানুষ যৌক্তিক দাবির পক্ষে স্বতঃস্ফূর্তভাবে হরতালে অংশ নিয়েছেন।
এদিকে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, হরতাল শান্তিপূর্ণভাবে চলছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
হরতাল চলাকালে তিন ইউনিয়নের সরকারি-বেসরকারি অফিস, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবাসমূহ এবং চলমান পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানকে হরতালের আওতার বাইরে রাখা হয়েছে। একই সঙ্গে হরতাল চলাকালে ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ও গহিরা-হেয়াকো সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্মসূচির আহ্বানকারীরা।

