ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের সার্ভিস ঘাট এলাকায় জেলের মাছ ধরার চায়না দুয়ারীতে আটকা পড়ে একটি বিরল মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রাণীটিকে একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।
বুধবার (১৫ জুলাই) সকালে স্থানীয় জেলে একলাস বেপারী মাছ ধরার জন্য পেতে রাখা চায়না দুয়ারী তুলতে গেলে ভেতর থেকে গর্জনের শব্দ শুনতে পান। কাছে গিয়ে তিনি দেখতে পান, একটি পাখি শিকার করতে গিয়ে বাঘের শাবকের মতো দেখতে একটি প্রাণী দোয়ারীর ভেতরে আটকা পড়েছে। প্রথমে আতঙ্কিত হলেও পরে তিনি স্থানীয় লুৎফরকে খবর দেন। পরে দুজনে মিলে প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করেন। তবে উদ্ধারকাজের সময় প্রাণীটির থাবার আঁচড়ে তারা দুজনই আহত হন। পরে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তারা জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণ করেন।
প্রথমদিকে অনেকেই প্রাণীটিকে বন্য বিড়াল বলে মনে করলেও পরে অভিজ্ঞ ব্যক্তিরা এটিকে মেছো বাঘের শাবক হিসেবে শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। স্থানীয় সচেতন ব্যক্তিরা প্রাণীটিকে বিরক্ত না করে নিরাপদে রাখার আহ্বান জানান এবং বিষয়টি বন বিভাগকে অবহিত করেন।
স্থানীয়দের ধারণা, খাদ্যের সন্ধানে নদী ও জলাভূমি এলাকায় এসে অসাবধানতাবশত প্রাণীটি জেলের চায়না দুয়ারীতে আটকা পড়ে। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, মেছো বাঘ বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এটি সাধারণত মাছ, ব্যাঙ ও অন্যান্য জলজ প্রাণী শিকার করে এবং নদী, খাল, বিল ও জলাভূমি সংলগ্ন এলাকায় বসবাস করে। তাই এ ধরনের প্রাণী দেখা গেলে সেটিকে আটক বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে জানানো উচিত।
খবর পেয়ে চরভদ্রাসন বন বিভাগের কর্মকর্তা ফজলে করিম ঘটনাস্থলে পৌঁছে শাবকটিকে উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেন। তিনি জানান, প্রাণীটিকে প্রথমে চরভদ্রাসন প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। এরপর জেলা বন বিভাগের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে, যাতে বিরল প্রাণীগুলো নিরাপদে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরে যেতে পারে।

