ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। নৌকাটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুকের কাছে এ দুর্ঘটনা ঘটে। পূর্ব লিবিয়ার কোস্ট গার্ড জানিয়েছে, তোব্রুক থেকে ইতালির উদ্দেশে যাত্রা করা ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি কিছুদূর এগিয়ে যাওয়ার পর সাগরে ডুবে যায়। এতে অধিকাংশ যাত্রী সাগরের প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হন।
কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, নৌকার ১০ জন যাত্রী সাঁতরে কাছের বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। পরে উদ্ধারকারী দল তাদের নিরাপদে উদ্ধার করে। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক সময়ে লিবিয়ার উপকূল থেকে ইউরোপগামী অভিবাসীদের জন্য এটি আরেকটি বড় নৌকাডুবির ঘটনা। এর আগে গত মাসেও একই উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে ৫১ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।
উন্নত জীবনের আশায় গত এক দশকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে লিবিয়ার উপকূল অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ এ পথেই প্রায়ই প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা ঘটছে।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে ৮০০-র বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। তাদের অধিকাংশই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। ইউরোপে নিরাপদ ও উন্নত জীবনের আশায় তারা এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রা করেছিলেন।

