দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদান দেবে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
সম্প্রতি ট্রাস্টের উপবৃত্তি শাখা প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের সঙ্গে জেলা সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নকৃত গুরুতর আহতের চিকিৎসা সনদ, প্রয়োজনীয় চিকিৎসা-সংক্রান্ত রিপোর্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।
ট্রাস্ট জানিয়েছে, আবেদন যাচাই-বাছাই শেষে তিন থেকে চার মাসের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে অনুদানের অর্থ পাঠানো হবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর বা সর্বোচ্চ এক বছরের মধ্যে হতে হবে। একজন শিক্ষার্থী চিকিৎসা মেয়াদে মাত্র একবার আবেদন করতে পারবেন। পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা এসএসসি ও এইচএসসি (বা সমমান) পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে কমপক্ষে ৩.৫০ এবং স্নাতক পর্যায়ে জিপিএ ৪-এর মধ্যে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানরাও নির্ধারিত প্রত্যয়নপত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করার সময় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন সনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর এবং শিক্ষার্থী বা তার মা-বাবার সচল অনলাইন ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। পাশাপাশি ব্যাংক হিসাবের প্রমাণ হিসেবে চেকের পাতা বা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করা বাধ্যতামূলক। মা-বাবা না থাকলে বৈধ অভিভাবকের ব্যাংক হিসাবও গ্রহণযোগ্য হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নাম আবেদন তালিকায় না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে ইআইআইএন নম্বর উল্লেখ করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ডাকযোগে অথবা ই-মেইলে আবেদন পাঠাতে হবে।

