বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে কেন্দ্র করে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের মধ্যেই গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যতিক্রমী আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা। প্রিয় দলের বিজয় কামনায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজনের পাশাপাশি বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থাও করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত সমর্থক সেখানে জড়ো হয়ে উৎসবমুখর পরিবেশে অংশ নেন।
শুধু পবনাপাড় গ্রামেই নয়, উপজেলার বিভিন্ন এলাকাতেও আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল উপভোগের ব্যবস্থা করা হয়েছে। অনেক সমর্থকের বাড়িতেও বিশেষ খাবারের আয়োজন চলেছে।
পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক বরকতউল্লাহ জানান, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল উপলক্ষেও তারা একই ধরনের আয়োজন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে একটি গরু কিনে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি এতিম ও অসহায় মানুষের জন্যও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।
উপজেলা যুবদলের সদস্যসচিব ও আর্জেন্টিনা সমর্থক মান্নান শেখ জানান, কান্দি ইউনিয়নের আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি উপস্থিত দর্শকদের আপ্যায়নের ব্যবস্থাও করা হয়েছে।

