২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয় শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও গভীর শোকের ছায়া ফেলেছে। শিরোপা হাতছাড়া হওয়ার ধাক্কা সামলাতে না পেরে রাজধানী বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বয়োজ্যেষ্ঠ সমর্থকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আর্জেন্টিনার জরুরি চিকিৎসা সেবা সংস্থা সামে।
সরকারি তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মনসেরাত এলাকার সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মধ্যবর্তী একটি বাড়ি থেকে জরুরি সেবায় কল আসে। সেখানে ৬৭ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা তাকে সিপিআর দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
এর আগে বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক সমর্থকের শ্বাসকষ্ট শুরু হলে তার মেয়ে দ্রুত কর্তৃপক্ষকে খবর দেন। সিপিআর দেওয়ার পর তাকে ডুরান্ড হাসপাতালে নেওয়া হয়। প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর সেখানে তার মৃত্যু হয়।
এদিকে বুয়েনস আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭২ বছর বয়সী আরও এক ব্যক্তি বর্তমানে আলভারেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফাইনাল ম্যাচের পর বুয়েনস আইরেসের ওবেলিস্ক চত্বরে জড়ো হওয়া সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলা ও হতাশাজনিত সহিংসতার ঘটনাও ঘটে। ওই এলাকায় ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় ১৩ ফুট উঁচু থেকে পড়ে গিয়ে বাঁ পায়ের হাড় ভেঙে গুরুতর আহত হন।
স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবে জানিয়েছে, পরাজয়ের হতাশা থেকে অনেক সমর্থক অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়েন। সমর্থকদের মধ্যে মারামারি, পড়ে গিয়ে নাক-মুখে আঘাত পাওয়া এবং বিভিন্ন ধরনের জখমের ঘটনাও রেকর্ড করা হয়েছে।
বিশ্বকাপ ফাইনালকে ঘিরে আনন্দের প্রত্যাশা থাকলেও তা শেষ পর্যন্ত মর্মান্তিক ঘটনায় রূপ নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। চিকিৎসা সেবা সংস্থাগুলো সমর্থকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে।

