রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা সম্পত্তির ক্ষতিসাধান, চুরি, সরকারি কাজে বাধা এবং ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেপ্তার ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মকবুল আহমেদ খান ও মো. নিছার উদ্দিন আকাশকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার পরিদর্শক (ইন্সপেক্টর) মো. নাজমুল হাসান খান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, চুরি হওয়া নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত করতে আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। একই সঙ্গে জামিন পেলে তারা পলাতক হতে পারেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের এসআই লুৎফর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ২০ থেকে ২৫ জনের একটি দল দারুস সালাম থানাধীন গাবতলীতে অবস্থিত ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় তলায় জোরপূর্বক প্রবেশ করে। অভিযোগ রয়েছে, তারা সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরদের কক্ষে ঢুকে সরকারি কাজে বাধা দেয় এবং সিলগালা করা দুটি কক্ষের তালা ভেঙে আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ভাঙচুর করে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া আলমারিতে রাখা প্রায় ১৫ লাখ টাকা নগদ অর্থ, বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ আইনি নথি, হিসাব শাখার ফাইলপত্র এবং রেজিস্ট্রার, ট্রেজারার ও উপাচার্যের কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনের অপব্যাখ্যা, মিথ্যা তথ্য প্রচার, রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
ঘটনার পর রাফিউল ইসলাম (২৮) বাদী হয়ে দারুস সালাম থানায় মামলাটি দায়ের করেন। পরে বুধবার (২২ জুলাই) ভোররাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মামলার এক নম্বর আসামি ড. মকবুল আহমেদ খান এবং গাবতলী এলাকা থেকে মো. নিছার উদ্দিন আকাশকে গ্রেপ্তার করে পুলিশ।

