ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, তাদের প্রথম দাবি পূরণ হলেও আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি এখনো বাস্তবায়ন হয়নি। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
শনিবার (২৫ জুলাই) সিজেপির পক্ষ থেকে জানানো হয়, নিট (NEET) প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছিল তাদের প্রথম দাবি, যা সরকার ইতোমধ্যে মেনে নিয়েছে। তবে আন্দোলনের বাকি দুটি দাবি এখনো পূরণ হয়নি।
দলটির অন্যতম দাবি হলো, পরীক্ষা-সংক্রান্ত সংকট ও মানসিক চাপের কারণে আত্মহত্যা করা সব শিক্ষার্থীর পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না বলেও দাবি জানিয়েছে তারা।
সিজেপি জানিয়েছে, এই দুটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও সরকারের ওপর চাপ অব্যাহত থাকবে। দলটির ভাষ্য, দেশের পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায়বিচার প্রতিষ্ঠাই তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য।

