রাশিয়ার ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রাসে তীব্র ঝড়ের কবলে পড়ে বসনিয়া ও হার্জেগোভিনার পাঁচ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নিহতদের মধ্যে তিনজনের মরদেহ এখনো পাহাড় থেকে নামানো সম্ভব হয়নি।
রোববার (২৬ জুলাই) রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানায়, উদ্ধারকারী দল প্রথমে আটকে পড়া দুই পর্বতারোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৩৫০ মিটার উচ্চতায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
রুশ তদন্ত কমিটির আঞ্চলিক শাখা জানিয়েছে, আরও তিনজন নিহতের মরদেহ শনাক্ত করা হলেও প্রতিকূল আবহাওয়া, প্রবল বাতাস এবং দুর্গম পরিবেশের কারণে সেগুলো এখনো উদ্ধার করে নিচে নামানো সম্ভব হয়নি।
যদিও রাশিয়ার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিহতদের জাতীয়তা প্রকাশ করেনি, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বরাত দিয়ে রিয়া নভোস্তি জানিয়েছে, নিহত পাঁচজনই বসনিয়া ও হার্জেগোভিনার নাগরিক।
বসনিয়ার গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাত সদস্যের অভিযাত্রী দলটির সবাই দেশটির মধ্যাঞ্চলীয় শহর জেনিৎসার বাসিন্দা ছিলেন। দলে একটি দম্পতি এবং স্থানীয় একটি হাসপাতালের একজন নারী চিকিৎসকও ছিলেন।
জর্জিয়া সীমান্তের উত্তরে অবস্থিত ৫ হাজার ৬৪২ মিটার উচ্চতার মাউন্ট এলব্রাস আকস্মিক আবহাওয়া পরিবর্তন, প্রবল বাতাস এবং কঠিন আরোহণপথের কারণে দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ পর্বতারোহণ গন্তব্য হিসেবে পরিচিত। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

