ইরাকের সাতটি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ জন যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির শিয়া-প্রধান পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)। বুধবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
পিএমএফ এক বিবৃতিতে জানায়, নিহত ও আহতের এ সংখ্যা প্রাথমিক হিসাব। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংগঠনটির দাবি, বাগদাদ, ওয়াসিত, নিনভে, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশে পিএমএফের বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়।
হামলায় বিভিন্ন ভবন, সামরিক যানবাহন এবং সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে পিএমএফ।
তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্র বা সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া হামলার বিষয়ে স্বাধীনভাবে দাবিগুলো যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আল জাজিরা।

