রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে ডিএনসিসির অঞ্চল-৮-এর আওতাধীন ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় এ ঘটনা ঘটে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক জরুরি বার্তায় জানান, এসটিএস এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় কিছু ব্যক্তি অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের সংশ্লিষ্ট বিভাগের উপকমিশনার। এ সময় হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়ে হামলা চালায় বলে ডিএনসিসির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ডিএনসিসি দাবি করেছে, নেপচুন এক্সেসরিজ নামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের ‘ভাড়াটে সন্ত্রাসীরা’ এ হামলায় জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বলেন, ‘দুই-একটি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন।’ এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মামলা হলে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হবে।
এদিকে আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে বাংলাদেশ-কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে যান ডিএনসিসির প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য। তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় ডিএনসিসি প্রশাসক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

