গ্লোবাল সুপার লিগের ফাইনালে ক্রিকেট ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ও অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী হলো দর্শকরা। মাত্র ৮৫ রানে অলআউট হয়েও শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস গুটিয়ে যায় মাত্র ৭৯ রানে। ফলে ৬ রানের অবিশ্বাস্য জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় গায়ানা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে গায়ানা। ইনিংসের নবম ওভার শুরু হওয়ার আগেই ২৯ রানে ৮ উইকেট হারায় তারা। সান ফ্রান্সিসকোর পিটার সিডলের দুর্দান্ত বোলিংয়ে গায়ানার শক্তিশালী টপ অর্ডার একের পর এক ব্যর্থ হয়। জনসন চার্লস, শিমরন হেটমায়ার, মোহাম্মদ হারিসসহ দলের গুরুত্বপূর্ণ ব্যাটাররা সিডলের নিখুঁত লাইন-লেংথ ও পিচের মুভমেন্ট সামলাতে পারেননি।
চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিন উইকেট নেন সিডল। তার বোলিংয়ে তখন মনে হচ্ছিল, ফাইনালে বড় জয় পেতে যাচ্ছে সান ফ্রান্সিসকো।
তবে শেষদিকে গায়ানার লোয়ার অর্ডারের ব্যাটাররা দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। ডোয়েন প্রিটোরিয়াস ১৭, ম্যাথিউ ফোর্ড ২৮ এবং ইমরান তাহির ১১ রান করে দলকে ৮৫ রানে পৌঁছে দেন।
৮৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভালো অবস্থানেই ছিল সান ফ্রান্সিসকো। তরুণ অস্ট্রেলিয়ান ব্যাটার অলিভার পিকের ৩১ রানের ইনিংসে দলটি এগিয়ে যাচ্ছিল। ২৮ রানে ৩ উইকেট হারানোর পরও একসময় ৫০ রানে পৌঁছে যায় তারা।
এরপরই নাটকীয়ভাবে ম্যাচের মোড় ঘুরে যায়। ৫৩ থেকে ৫৮—মাত্র ৫ রানের ব্যবধানে ৫টি উইকেট হারিয়ে চাপে পড়ে সান ফ্রান্সিসকো। গায়ানার মোহাম্মদ নবী তিন রান দিয়ে তিনটি এবং ইমরান তাহির দুটি উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং ধসিয়ে দেন।
শুরুতে বল হাতে গায়ানাকে বিপদে ফেলা পিটার সিডল ব্যাট হাতে শেষ পর্যন্ত লড়াই করেন। তার অপরাজিত ১৩ রান ব্যবধান কমালেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত ৭৯ রানে অলআউট হয়ে ৬ রানে হেরে যায় সান ফ্রান্সিসকো ইউনিকর্নস।
এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি ইতিহাসে অনন্য নজির গড়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আগে ব্যাট করে ১০০ রানের নিচে অলআউট হয়ে জেতা প্রথম দল হলো তারা।
এর আগে ফাইনালে আগে ব্যাট করে সর্বনিম্ন রান করে জয়ের রেকর্ড ছিল সিডনি সিক্সার্সের দখলে। ২০২০ সালের বিগ ব্যাশ লিগের ফাইনালে ১১৬ রান করেও শিরোপা জিতেছিল তারা। সেই রেকর্ড ভেঙে এবার ৮৫ রানে অলআউট হয়েও শিরোপা জিতে ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল গায়ানা।

