দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী কয়েক দিনে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সোমবার (৩ আগস্ট) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর অববাহিকায় পানি আরও বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
পাউবো জানিয়েছে, আগামী ৭২ থেকে ১২০ ঘণ্টার মধ্যে দেশের আরও কয়েকটি নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এর মধ্যে সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ; ধরলা অববাহিকার লালমনিরহাট ও কুড়িগ্রাম; ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া এবং সোমেশ্বরী ও ভুগাই-কংস অববাহিকার শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চল রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকার নদ-নদীর পানি সতর্কসীমা বা বিপদসীমার কাছাকাছি পৌঁছানোয় নিম্নাঞ্চলে সাময়িক বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

