রাজধানীর গোড়ান, খিলগাঁও ও মালিবাগ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ‘জিসান গ্রুপ’-এর তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া কর্মকর্তা মো. মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোড়ান, খিলগাঁও ও মালিবাগ এলাকায় ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘জিসান গ্রুপ’-এর তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি র্যাব।
র্যাব-৩-এর এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ও উদ্ধারসংক্রান্ত বিস্তারিত তথ্য সোমবার বিকেলে রাজধানীর শাহজাহানপুরের ঝিলপাড়ে র্যাব-৩ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

