বিএনপির বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ক্যাম্পাসে পোস্টারিং করেছেন শাখা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।
সোমবার (৩ আগস্ট) সকালে কলেজের প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব পোস্টার সাঁটানো হয়। পরে কলেজ প্রশাসনের উদ্যোগে পোস্টারগুলো অপসারণ করা হয়।
পোস্টারগুলোতে ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা কলেজ থেকে অবাঞ্ছিত ঘোষণা’ শিরোনামে বিভিন্ন বক্তব্য উল্লেখ করা হয়। পোস্টারিংয়ের নেতৃত্ব দেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (পদ স্থগিত) শেখ পারভেজ মোশাররফ।
শেখ পারভেজ মোশাররফ বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য সমাজে বিভাজন ও ঘৃণা ছড়াচ্ছে। এ কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে পোস্টারিং করা হয়েছে। তার ভাষ্য, এ ধরনের বক্তব্য সুস্থ রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অবস্থান মূলত বিএনপির বিরোধিতা ও দলটির বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ চালানোর মধ্যেই সীমাবদ্ধ। তবে এনসিপি একটি নতুন রাজনৈতিক দল হিসেবে নিজস্ব আদর্শ, লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে রাজনীতি করলে তাদের আপত্তি নেই বলেও জানান তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী সুস্থ ধারার রাজনীতি করলে কোনো সমস্যা নেই; তবে ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা চালানো হলে জনগণই তার জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা কলেজে এলে কোনো কর্মসূচি দেওয়া হবে কি না—জানতে চাইলে শেখ পারভেজ বলেন, এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নেবে, তারা সেটিকে স্বাগত জানাবেন। তবে তাদের পক্ষ থেকে কোনো কর্মসূচি বা পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই। সামাজিক শৃঙ্খলা বজায় রেখেই কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
এদিকে পোস্টারিংয়ের নিন্দা জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা কলেজ শাখার সদস্যসচিব সজিব উদ্দিন। তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে যারা আপত্তি তুলছেন, তারা বিএনপির রাজনীতি সম্পর্কে প্রকৃত ধারণা রাখেন না। তিনি তাদের ‘গুপ্ত আওয়ামী লীগ’ বলেও মন্তব্য করেন।
সজিব উদ্দিন আরও বলেন, ঢাকা কলেজ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এখানে কাউকে অবাঞ্ছিত ঘোষণা করার সুযোগ নেই। নাসীরুদ্দীন পাটওয়ারী যাতে চাঁদাবাজির তথ্য প্রকাশ করতে না পারেন, সেই আশঙ্কা থেকেই এ ধরনের পোস্টারিং করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, তিনি নিজে কোনো পোস্টার দেখেননি। তবে কলেজের দুই-একটি স্থানে পোস্টার লাগানো হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। পরে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ কোনোভাবেই অশান্ত হোক, তা কলেজ প্রশাসন চায় না বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৮ জুলাই গণ-অভ্যুত্থানের সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে ‘জুলাই মার্চ’ কর্মসূচি পালন করে এনসিপি। ওই কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে একাধিক দফায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এনসিপির দাবি, এসব হামলায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যও রয়েছে।

