নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। দাপ্তরিক শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে এ পরিদর্শন পরিচালনা করা হয়। এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হাসান উদ্দীন।
পরিদর্শনকালে উপাচার্য ও ট্রেজারার প্রশাসনিক ভবনের বিভিন্ন শাখা ও দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং দাপ্তরিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া, বিলম্বে অফিসে আসা এবং অফিস চলাকালে দায়িত্বস্থলে অনুপস্থিত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আকস্মিক পরিদর্শন করা হয়। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে বিভিন্ন দপ্তর ও শাখায় প্রায় ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। পরে তাদের নামের তালিকা প্রস্তুতের নির্দেশ দেন উপাচার্য। অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যেকের কাছে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ জানতে চাওয়া হবে বলে জানানো হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি এবং যথাযথভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আজ তিনি ও ট্রেজারার বিভিন্ন দপ্তর পরিদর্শন করে বেশ কয়েকজনকে অনুপস্থিত পেয়েছেন এবং তাদের নামের তালিকা করা হয়েছে।
তিনি আরও বলেন, অনুপস্থিত প্রত্যেকের কাছ থেকে কারণ জানতে চাওয়া হবে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

