যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে মেরামতের কাজ শেষ হওয়ায় সবকিছু ঠিক থাকলে রোববার (২ আগস্ট) রাতের মধ্যেই ইউনিটটি পুনরায় চালু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার (১ আগস্ট) ভোর ৫টা ৫০ মিনিটে এক নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর নিরাপত্তার স্বার্থে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ত্রুটি শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় মেরামত সম্পন্ন হয়েছে। সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে ঠিকঠাক পাওয়া গেলে রোববার রাতের মধ্যেই ইউনিটটি চালু করা হবে এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।
কেন্দ্র সূত্র আরও জানায়, ত্রুটি দেখা দেওয়ার আগে এক নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।
বর্তমানে কেন্দ্রের তিন নম্বর ইউনিট সচল রয়েছে। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে বর্তমানে প্রায় ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
অন্যদিকে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে এক নম্বর ইউনিট দ্রুত চালু হলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

