মানিকগঞ্জ সদর উপজেলায় জুয়া খেলার অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাদের মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (২ আগস্ট) বিকেলে সদর উপজেলার বাসুদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক পুলিশ সদস্যের নাম তারেক। তিনি মানিকগঞ্জ সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত এবং পুলিশের কিলো/ওয়ান গাড়ি চালান বলে জানা গেছে। আটক অপর দুজন হলেন পাবনা জেলার বেড়া উপজেলার চর কল্যাণপুর গ্রামের মৃত রফিক ফকিরের ছেলে ফরহাদ এবং মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে রুহুল।
স্থানীয়দের অভিযোগ, বাসুদেবপুর গ্রামের একটি ভুট্টাক্ষেতে পুলিশ কনস্টেবল তারেকসহ মোট ছয়জন জুয়া খেলছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা সেখানে গিয়ে তাদের আটক করার চেষ্টা করেন। এ সময় তিনজন দৌড়ে পালিয়ে গেলেও পুলিশ কনস্টেবলসহ অপর তিনজনকে আটক করে এলাকাবাসী। পরে তাদের মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ ওঠায় বিষয়টি যথাযথভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার (৩ আগস্ট) দুপুরে আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, পুলিশ কনস্টেবল তারেকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

