জ্বালানি সংকট মোকাবিলা এবং দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সৌরবিদ্যুৎবিষয়ক এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় সিদ্ধান্ত হয়, প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যেও এ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ ও আস্থা বাড়বে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় দেশীয় শিল্পে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎকে আরও সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করতে কার্যকর অর্থনৈতিক মডেল তৈরির তাগিদ দেওয়া হয়।
বৈঠকে প্রাণ-আরএফএল ও ওয়ালটন গ্রুপের প্রতিনিধিরা আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার নেট মিটারিং ব্যবস্থা নিয়ে কৌশলগত উপস্থাপনা তুলে ধরেন। তারা বলেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

