ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংঘর্ষের পর ছাত্রদলের নেতা-কর্মীরা কলেজের প্রধান ফটকে অবস্থান নেন। এ সময় ক্যাম্পাসজুড়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। সংঘর্ষে আহত এক শিক্ষার্থীকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ছাত্রদলের অভিযোগ, তাদের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের ওপর ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন। পরে পারভেজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে দাবি করে ছাত্রদল।
তবে ছাত্রদলের অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার প্রস্তুতি চলছিল। এ সময় অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী অনুষ্ঠানের সাজসজ্জার কাজ করছিলেন। তখন পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ছাত্রদল নেতা-কর্মী এসে তাদের ওপর হামলা চালান বলে দাবি করেন তিনি।
দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজের প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা গেছে।

