আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০টি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। ভারী বর্ষণ এবং ভারতের উজান অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
বুধবার (৫ আগস্ট) বিকেলে দেওয়া পূর্বাভাসে এফএফডব্লিউসি জানায়, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং এসব বিভাগের সংলগ্ন উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে।
এফএফডব্লিউসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাংলাদেশের সুনামগঞ্জের দিরাইয়ে সর্বোচ্চ ৪০২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে অন্তত ১০টি জেলায় স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। তবে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা কম। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোর বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এফএফডব্লিউসি।
সংস্থাটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নদ-নদীর পানি ও বৃষ্টিপাতের তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় সতর্কতা জারি করা হতে পারে।

