গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশি বাধার পর তিনি এ হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণভোটের ফল কার্যকর, গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি অভিযোগ করেন, কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে সরকার গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। একই সঙ্গে সরকার জনগণের সঙ্গে করা একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলেও দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সরকার বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও গ্যাসের দাম বাড়িয়েছে। কর্মসংস্থান সৃষ্টি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি। বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে এবং সাধারণ মানুষ বাজার থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, সরকার সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ করে কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করেছে। গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট মোকাবিলাতেও সরকার ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত না করে বিভিন্ন সেবার দাম বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
এনসিপির এই নেতা আরও বলেন, গণভোটে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করা হয়নি। গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিও এখনো পূরণ হয়নি।
দেশে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কয়েক গুণ বেড়ে যাওয়া এবং বিভিন্ন খাতের ব্যবসায়ীদের কাছ থেকে আগের তুলনায় বেশি চাঁদা আদায়ের অভিযোগও করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে কোনো ধরনের মুনাফাবাজি মেনে নেওয়া হবে না। সরকারের নীতির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

