জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের অতিরিক্ত ও কথিত ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা হন। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
সচিবালয় ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্মসূচিতে এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে একই দাবিতে বৃষ্টির মধ্যেই রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু করে ১১ দলীয় ঐক্য। বেলা ১১টার পর এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি চলাকালে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান।
অবস্থান কর্মসূচিতে ডা. শফিকুর রহমান ছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা জ্বালানি তেল ও গ্যাসের সংকট নিরসন, বিদ্যুতের অতিরিক্ত বিলের অভিযোগ তদন্ত ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।

