ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর গোখরা সাপের কামড়ে মো. আক্কুব্বর শেখ (৩৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর পর তাকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করানোর কারণে চিকিৎসায় বিলম্ব হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
বুধবার (৫ আগস্ট) দিনগত গভীর রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর-চরভাগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্কুব্বর শেখ ওই গ্রামের মৃত রব্বান শেখের ছেলে। তিনি সাতৈর বাজারে মুদি দোকান পরিচালনা করতেন। তার তিনটি ছোট সন্তান রয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে চরভাগদিয়া গ্রামের বাড়ি থেকে সাতৈর বাজারে নিজের দোকানে যাওয়ার পথে আক্কুব্বর শেখ একটি বিষধর গোখরা সাপের লেজের ওপর পা দেন। এ সময় সাপটি ঘুরে তাকে ছোবল দেয়। সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা ধরে ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়। এ সময় চিকিৎসা পেতে বিলম্ব হয়। একপর্যায়ে আক্কুব্বরের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই মো. নাইম বিশ্বাস বলেন, সাপে কামড়ানোর পর আক্কুব্বরকে ওঝার কাছে নেওয়ায় চিকিৎসা পেতে অনেকটা সময়ক্ষেপণ হয়েছে। ঘটনার পরপরই হাসপাতালে নেওয়া হলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।

