সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় ‘শাহ ফতেহ আলী পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী পরিবহনের বাসটি নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১০ যাত্রী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। তারা নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে।

