বগুড়ায় মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেওয়ায় দুইজন নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় সকাল ৮টার দিকে একই দিক থেকে আসা অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধার অভিযান চলমান থাকায় মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান বলেন, উদ্ধারকাজ শেষ হলে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। নিহতদের পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে।

