মানিকগঞ্জে শহীদ মিনার থেকে শিহাব (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকালে সদর উপজেলার জাগীর ইউনিয়নের ধলেশ্বরী মাঠে অবস্থিত শহীদ মিনার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলি এলাকার মো. সেলিমের ছেলে। তবে সে ধলেশ্বরী মাঠসংলগ্ন এলাকায় নানা একরাম হোসেনের বাড়িতে থেকে বসবাস করত।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে জানা যায়, শিহাব নানার বাড়িতে থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারে মাছ কাটার কাজ করত। কয়েকদিন ধরে সে বন্ধুদের সঙ্গে রাতে বাইরে থাকত, সময়মতো বাড়ি ফিরত না এবং কাজে যেত না। এসব বিষয় নিয়ে পরিবারের সঙ্গে তার বিরোধ চলছিল। পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আয়নাল হক বলেন, শহীদ মিনার থেকে শিহাবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

