ইউনিভার্সিটি জীবনের লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং এমন দক্ষতা তৈরি করা যা ভবিষ্যতের কর্মজীবনে ও উচ্চশিক্ষায় বাড়তি সুবিধা এনে দেয়। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠান এমন কর্মী খোঁজে, যারা তথ্য বিশ্লেষণ করতে পারেন, সমস্যার সঠিক কারণ উদঘাটন করতে পারেন এবং প্রমাণভিত্তিক সিদ্ধান্ত নিতে সক্ষম। গবেষণার সঙ্গে যুক্ত থাকার মাধ্যমেই এই দক্ষতাগুলো স্বাভাবিকভাবে গড়ে ওঠে। গবেষণা মানেই কেবল জটিল থিসিস বা ল্যাবভিত্তিক কাজ নয়—তথ্য সংগ্রহ, নির্ভরযোগ্য উৎস যাচাই, ফলাফল মূল্যায়ন এবং যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানোর পুরো প্রক্রিয়াই গবেষণার অংশ। এই প্রেক্ষাপটে সোনারগাঁও ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেলো ‘শিক্ষা ও প্রতিষ্ঠানের সুনামে গবেষণা অপরিহার্য’ (‘Research Does Matter for Enhancing Reputation of the Institution’) শীর্ষক সেমিনার।
সেমিনারে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম এবং উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ। অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বেসিক সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসানুল বান্না মুহাম্মদ জাকাউল ইসলাম। সিআরটিসির অতিরিক্ত পরিচালক মো. আবু হানিফের সমন্বয়ে উক্ত সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ডীন, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফলতার জন্য কেবল ভালো ফলাফল নয়, বরং গবেষণা ও মুক্তচিন্তার চর্চা অত্যন্ত জরুরি। তথ্য বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষায় অনেক এগিয়ে থাকবে। তাই গবেষণাকে প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা না ভেবে পেশাগত উৎকর্ষের মাধ্যম হিসেবে গ্রহণের আহ্বান জানান তারা। সেমিনারে অংশগ্রহণকারী সকলকে সম্মাননা স্বরূপ একটি করে সার্টিফিকেট প্রদান করা হয়।

