মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বিদ্যুৎবিভ্রাট নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শিবচরবাসীর দুর্ভোগের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি, আপনাদের কষ্ট আমি অনুভব করছি।’
স্ট্যাটাসে এমপি হানজালা বলেন, সারাদেশ থেকেই বিদ্যুৎ নিয়ে একের পর এক অভিযোগ আসছে। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে তার নির্বাচনী এলাকা শিবচরের বাসিন্দারাও একই সমস্যার মধ্যে রয়েছেন।
তিনি বলেন, ‘শিবচরবাসী, একটি কথা মনে রাখবেন, আমিও আপনাদেরই একজন। আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি, আপনাদের কষ্ট আমি অনুভব করছি।’
এমপি হানজালা জানান, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তার টিম নিয়মিত যোগাযোগ রাখছে এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি বলেন, এটি শুধু শিবচরের সমস্যা নয়; দেশের বিভিন্ন এলাকাতেই বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বিদ্যুৎবিভ্রাটে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, মানুষের কষ্ট তাদেরও কষ্ট দেয়। দ্রুত সংকটের সমাধান হয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসুক—এটাই প্রত্যাশা।
স্ট্যাটাসের শেষাংশে এমপি হানজালা আশা প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। তিনি শিবচরবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

