রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বনানী থানা-পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মোটরসাইকেলযোগে কয়েকজন নেতাকর্মী মহাখালী বাস টার্মিনাল এলাকায় মিছিল বের করেন। মিছিলটি টার্মিনালের সামনে দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। পরে চারজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের উদ্দেশ্যে মহাখালী এলাকায় জড়ো হচ্ছিলেন। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে আসেন। এ সময় চারজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়।
ওসি আরও বলেন, স্থানীয় জনতার গণপিটুনিতে আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

