পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিনটি ধর্মীয় মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়ে থাকে।
সরকারি ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা সাধারণ বা বাধ্যতামূলক ছুটি হিসেবে অন্তর্ভুক্ত নয়; এটি ঐচ্ছিক বা সংরক্ষিত ছুটি। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের ছুটি নির্ধারিত রয়েছে।
এর ফলে বুধবার দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে ১২ আগস্ট বুধবার বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত দেশের সব কলেজ বন্ধ থাকবে।
এদিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটি ঘোষণা করেছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ আগস্ট বুধবার আখেরি চাহার সোম্বা উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন ১৩ আগস্ট বৃহস্পতিবার থেকে প্রতিষ্ঠানটির নিয়মিত ক্লাস যথারীতি শুরু হবে।

