রাজশাহীর বাগমারা ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হতাশা থেকে দুই ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের দিন পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এসএসসির ফল প্রকাশের পর ওই ছাত্রী হতাশ হয়ে পড়ে। সে ইংরেজি ছাড়া অন্যান্য বিষয়ে উত্তীর্ণ হয়েছিল। পরে হতাশা থেকে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম বলেন, দুপুরে ওই ছাত্রীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান তিনি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, বাগমারায় নিহত ছাত্রীটি পড়াশোনায় মেধাবী ছিল বলে জানিয়েছে পুলিশ ও পরিবার। বিদ্যালয়ে তার রোল সাধারণত দুই বা তিনের মধ্যে থাকত। তবে এবারের এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে অকৃতকার্য হয় সে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার নিজ মোবাইল ফোনে পরীক্ষার ফলাফল দেখার পর ওই ছাত্রী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

