রাঙামাটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে সাইবার অপরাধের অভিযোগে সাংবাদিকসহ দুজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আটক ব্যক্তিরা হলেন ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে রাঙামাটি জেলা পরিষদ ভবনের সামনে থেকে সাদা পোশাকে থাকা ডিবি পুলিশের একটি দল তাদের আটক করে নিয়ে যায় বলে জানা গেছে।
জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আলী আকবর সুমনের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটে আইসিটি আইনে সাইবার অপরাধের অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে সুমনকে আটকের সময় পুলিশের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকেও আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিবের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, ডিএমপিতে সায়রা চন্দ্রা চাকমার করা আইসিটি আইনের একটি অভিযোগের বিষয়ে তাঁকে অবহিত করা হয়েছে। অভিযোগে আলী আকবর সুমনকে অভিযুক্ত করা হলেও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে কেন আটক করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।
পুলিশ সুপার আরও জানান, ডিএমপির ডিবি পুলিশ দুজনকে আটক করে ঢাকায় নিয়ে গেছে।

