দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন বলে রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।
দলীয় সূত্র ও সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি বিএনপি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থী চূড়ান্ত করার ক্ষমতা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত হলে মির্জা ফখরুলকে স্থানীয় সরকারমন্ত্রীর পদ ছাড়তে হতে পারে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত তার বর্তমান দায়িত্ব পালনের সুযোগ থাকতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আবদুল মঈন খানের নামও আলোচনায় এসেছে। তবে শেষ পর্যন্ত মির্জা ফখরুলের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
গত ১ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ এবং দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর দেওয়া হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল নিজেই সাংবাদিকদের বিষয়টি জানিয়েছিলেন।
দলের নেতাদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বিএনপির মহাসচিব হিসেবে দীর্ঘদিনের দায়িত্ব পালন এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা মির্জা ফখরুলকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে।
তবে নিজের সম্ভাব্য মনোনয়ন নিয়ে মির্জা ফখরুল সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, ১৩ আগস্টের পর বিষয়টি পরিষ্কার হবে। রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার।
চিফ হুইপ নুরুল ইসলাম মনিও জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

