আজ বুধবার সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে চলমান বিদ্যুৎ সংকট ও গ্রাহকদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
অনিন্দ্য ইসলাম অমিত জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনালে নতুন করে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অন্য একটি টার্মিনালও দুর্ঘটনার কারণে পূর্ণ সক্ষমতায় পরিচালনা করা যাচ্ছে না। ফলে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের ভুল নীতির কারণে দেশে আগে থেকেই জ্বালানি সংকট ছিল। এর সঙ্গে সাম্প্রতিক দুর্ঘটনা ও বৈরী আবহাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে সংকট মোকাবিলায় বিকল্প উপায়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।
সম্প্রতি গ্যাসের ঘাটতির কারণে জাতীয় পর্যায়ে লোডশেডিং ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। বিশেষ করে পল্লী এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। কোথাও কোথাও বিদ্যুৎকেন্দ্র ও উপকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
এ পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারের জন্য অতিরিক্ত নিরাপত্তা চেয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। সংশ্লিষ্টরা আশা করছেন, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হবে এবং লোডশেডিংও কমে আসবে।

